দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় অভিযান পরিচালিত হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় নেতৃত্বে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সড়ক দখল করে অবৈধ ব্যবসা পরিচালনার দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে মহাসড়কের দুই পাশের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকানপাট ভেকু ও বুলডোজারের মাধ্যমে উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে দোকান বসে থাকার কারণে ওই এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হচ্ছিল।
প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযানের পর সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ইউএনও সাইফুল ইসলাম জয় বলেন, ‘মহাসড়ক দখল করে অবৈধ দোকানপাট স্থাপনের বিষয়টি দীর্ঘদিনের সমস্যা ছিল এবং জাতীয় সংসদেও বিষয়টি আলোচিত হয়েছে। সড়ক পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত টানা ১৫ দিন বা প্রয়োজনে আরও বেশি সময় অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, সড়ক দখলমুক্ত রাখতে প্রতিদিন ২০ জন আনসার সদস্য ও ৩০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভুলতা পুরাতন কাঁচাবাজারে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে কেউ সড়ক দখল করে ব্যবসা করলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/